আফ্রিকার জঙ্গলে নাকি বিশাল বিশাল ব্যাং থাকে, একেকটা নাকি ঘরের সমান সাইজের। আর আছে একফুট লম্বা লম্বা বিরাট বিরাট সব পিঁপড়া। সেইসাথে আছে মানুষখেকো গাছ, ওই একফুটি পিপড়াকে পেলে কপ করে খেয়ে ফেলবে।
খুব ছোটবেলায় আব্বার কাছ থেকে এই টাইপের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। ওই সময় আমার কাছে দুইটা দৈত্য দানবের দেশ ছিল, একটা আফ্রিকা আরেকটা অ্যামাজনের জঙ্গল।
আব্বা তিলকে তাল করতো, সব জিনিস বাড়িয়ে বলতো। বড় হয়ে দেখেছি, আফ্রিকার ক্যামেরুনে আসলেই খুব বড় ব্যাং পাওয়া যায়, নাম গোলিয়াথ ফ্রগ। শরীরটাই এক ফুটের বেশি, পা দুইটা লম্বা করলে আরও অনেক বিশাল হবে। রাক্ষুসে ব্যাঙের রাক্ষুসে খিদা। সে পোকা মাকড় থেকে শুরু করে অন্য ব্যাং, কাঁকড়া, মাকড়শা এমনকি বাদুর পর্যন্ত খায়। বর্ষাকালে বিশাল বড় গোলিয়াথ ব্যাং কানের পর্দা ফাটিয়ে গ্যাঙর ঘ্যাঙ শুরু করলে কেমন লাগবে? উত্তর হলো, এরা বোবা, কথা বলে না। সাইলেন্ট কিলার।

সর্বকালের সবচেয়ে বড় ব্যাং হলো ক্রেটাসিয়াসের বিজেলবুফো, নামের অর্থ ডেভিল ফ্রগ, শয়তান ব্যাং। এর গল্প হবে ক্রেটাসিয়াস পর্বে।
এইসব ব্যাং মানুষকে কামড় দিয়েছে শোনা যায় নি। মানুষকে কামড়ায় পিঁপড়া। অ্যামাজনের বুলেট অ্যান্ট পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া। অনেক বিজ্ঞানীদের মতে, মানুষের যত রকমের ব্যাথার অনুভূতি হতে পারে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বুলেট পিঁপড়ার কামড়। কামড় খেলে আপনি কাঁপতে থাকবেন। ঘাম শুরু হবে। তীব্র মারাত্মক ব্যাথা ছড়িয়ে পড়বে সাড়া শরীরে। আগামী তিন চার ঘণ্টা হবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। ব্যাথার তীব্র দাপটে আপনি একবার জ্ঞান হারাবেন আবার ফিরবেন। হার্টবিট হবে অনিয়মিত।
বুলেট অ্যান্টের বিষ মানুষকে মারে না। এক দিনের মধ্যে আপনি মোটামুটি ভালো হয়ে যাবেন। আফ্রিকার কোন কোন উপজাতির মধ্যে, এই পিঁপড়ার বিষ সহ্য করা পৌরুষের পরীক্ষা। আপনি এখন পুরুষ মানুষ, আর কিশোর নয়, প্রমাণ করতে হলে এই পিঁপড়ার কামড় সহ্য করতে হবে।

বুলেট অ্যান্ট দেড় ইঞ্চি লম্বা হয়। সর্বকালের সবচেয়ে বড় পিঁপড়া টাইটানোমাইরা, এর গল্প হবে টার্শিয়ারি পর্বে।
আজকে এ পর্যন্তই থাক, ভালো লাগলে আবার হাজির হবো অন্য কোন দানব নিয়ে।
শিমুল
বুলেট পিঁপড়ার বর্ণনা পড়েই বুকে বুলেট বিধলো বলে মনে হলো!